অসহায় হিসেবে মিথ্যা তথ্য দিয়ে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা করে তিনটি প্লট নিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা, তার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানান মামলার তিন সাক্ষী।
এদিন সাক্ষ্য দেন রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি) মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী। আদালত আগামী ৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষীরা বলেন, আসামিদের ঢাকা ও আশপাশে ফ্ল্যাট-বাড়ি থাকলেও তারা রাজউকে মিথ্যা হলফনামা জমা দেন। সেখানে উল্লেখ করেন, তাদের কোনো বাড়িঘর বা সম্পত্তি নেই, তারা অসহায়, তাই প্লটের প্রয়োজন।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদক গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে। এতে শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেকে আসামি হন। অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পে অযোগ্য হয়েও প্লট বরাদ্দ নেন।
গত ৩১ জুলাই একই আদালত এসব মামলায় অভিযোগ গঠন করেন। তিন মামলার একটিতে শেখ রেহানা, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৭ জন, অন্যটিতে আজমিনা সিদ্দিক, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন এবং অপরটিতে রাদওয়ান, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।