
ফাইল ছবি
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ও কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নিন্দা জানান। এসময় নুরের দ্রুত সুস্থতা কামনা করে এ ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি।
তারেক রহমান লিখেছেন, “নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক নাজুক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে, আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়।”
তিনি লেখেন, গণতন্ত্রকামী অংশীদারদের সংযম ও সহনশীলতা অবলম্বন করতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের সত্যিকারের চেতনা বজায় রাখতে হবে। দেশকে গণঅভ্যুত্থান-পরবর্তী জনতার শাসন ও বর্তমান অস্থিতিশীলতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর পর রাত সোয়া ৮টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
সংঘর্ষে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আহত নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।