
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারও নিশ্চিত করেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা বলেছেন, “নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে তা হবে জাতির জন্য গভীর বিপদজনক।”
রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা জাতিকে বারবার আশ্বস্ত করেছেন, নির্বাচনের সময়সূচি পরিবর্তন হবে না।
এদিন বিকেল থেকে রাত পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াত, এনসিপি ও বিএনপির সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।
বৈঠকের বরাত দিয়ে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, জাতির উদ্দেশে ঘোষিত নির্বাচনের সময়সূচি অনুযায়ী নির্বাচন হবে। অর্থাৎ, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”