
করদাতার মনোনীত আইনজীবীকে স্পর্শকাতর নথি সরবরাহ ও ঘুষ গ্রহণের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কর অঞ্চল-৫, ঢাকার সার্কেল-৯৩ এর করদাতা সালাহ উদ্দিন আহমেদের কাছ থেকে তিনি ৩৮ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এর বিনিময়ে ওই করদাতার প্রতিনিধিকে (আয়কর আইনজীবী/আইটিপি) সরবরাহ করা হয়েছে স্পর্শকাতর আয়কর নথির অধিকাংশ পুরোনো রেকর্ড। এর মধ্যে ছিল আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল ও ট্রাইব্যুনালের আদেশসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা লঙ্ঘিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। ২০১৮ সালের বিধি-১২ অনুযায়ী জান্নাতুল ফেরদৌস মিতুকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।