বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। এ সময় দুজন কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার করা হয়েছে। আর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে বগুড়ার জিওসি হিসেবে।
এছাড়া কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে পাঠানো হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট পদে। সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহকে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেনাসদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, যিনি মেজর জেনারেল পদে উন্নীত হয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হয়েছেন। একইভাবে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি করা হয়েছে।