ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরও গভীর করার পথ ও উপায় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিলের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অত্যন্ত মনোরম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাতে রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন এবং প্রেসিডেন্ট লি জে মিয়ংও পাল্টা শুভেচ্ছা জানান।
রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু ও উন্নয়ন সহযোগী। দুই দেশের সম্পর্ক আরো গভীর করতে প্রচেষ্টা চালানোর আগ্রহ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন।
এছাড়া, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ঘোষিত লক্ষ্যমাত্রারও প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি প্রেসিডেন্টকে ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।