
বাংলাদেশে দুর্নীতি এখনও পুরোপুরি নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। তিনি বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বটে, তবে দুর্নীতি বেড়েছে নাকি কমেছে- এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভ্যালেরিয়াঁর বাংলাদেশ সফর উপলক্ষে এ আয়োজন করা হয়।
দুর্নীতির বর্তমান চিত্র প্রসঙ্গে তিনি বলেন, “সাবেক আওয়ামী লীগ সরকারের শেষ সময়টাতে দুর্নীতি ভয়াবহ মাত্রায় পৌঁছেছিল। গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পরও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি। যেসব প্রভাবশালী ব্যক্তি দুর্নীতির মামলায় জড়িত, তাদের বিরুদ্ধে মামলা সঠিক বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। যেসব দেশ তা করতে সক্ষম হয়েছে, সেসব দেশই দুর্নীতি ধারণা সূচকে নিজেদের অবস্থান উন্নত করতে পেরেছে।”
বাংলাদেশ সফরের উদ্দেশ্য জানাতে গিয়ে টিআই চেয়ারম্যান বলেন, এ সফর তাঁর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে তিনি মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর করেছেন। তিনি আরও যোগ করেন, এ সফর কেবল প্রতীকী নয়; বরং বৈশ্বিক দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানোর অংশ হিসেবেই এটি অনুষ্ঠিত হচ্ছে।