ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এবার গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।”
এর আগে নির্বাচনকে সামনে রেখে বিশেষায়িত কমিটি সীমানা নির্ধারণে কাজ করে। এর অংশ হিসেবে গত ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করেছিল ইসি।
খসড়ায় দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রাখা হয় এবং ৩৯টি আসনে আংশিক পরিবর্তন আনা হয়। পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানো অন্তর্ভুক্ত ছিল।
এ সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। ইসির তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সর্বমোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া যায়। পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত জমা পড়ে।
২৪ থেকে ২৭ অগাস্ট পর্যন্ত টানা চার দিন এসব দাবি-আপত্তির ওপর শুনানি শেষে ইসি জানায়, পর্যালোচনা করে দ্রুত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
👉 ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা দেখতে ক্লিক করুন এখানে।