আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকাশ যদি মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা সম্ভব হবে। গ্রহণটি রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে পরদিন ভোর পর্যন্ত চলবে এবং মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে।
পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।