
স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে প্রতি বছর নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “বিসিএস পরীক্ষা হলো সরকারের এন্ট্রি পয়েন্ট। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই ভবিষ্যতে দেশ চালাবে। কাজেই এই স্তরে কোনো অনিয়ম হলে গোটা সিস্টেমের ওপর এর প্রভাব পড়বে। তাই ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা ও নিয়োগ সময়মতো সম্পন্ন করতে হবে।”
তিনি আরও বলেন, সমস্যা ও সংকটগুলো দ্রুত সমাধান করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ নিয়োগব্যবস্থা গড়ে ওঠে।
বৈঠকে সরকারি কর্ম কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের প্রসঙ্গ তোলা হয়। পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, ইতোমধ্যেই একটি পাঁচ বছরের রোডম্যাপ তৈরি করা হয়েছে। এর আওতায় প্রতিবছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করা হবে।
কমিশন সদস্যরা জানান, গত ১৫ বছরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের ঘটনা ঘটেছে। তবে এখন থেকে পিএসসিকে সবার আস্থার জায়গায় পরিণত করতে সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে।
প্রশ্নপত্রের মান আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো করে উন্নত করা হচ্ছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, পিএসসি সদস্য মো. সুজায়েত উল্যা, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. এম সোহেল রহমান, অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. শাহনাজ সরকার এবং সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।