
রোববার রাতের আকাশ যেন রূপকথার আবহে ঢেকে যায়। চিরচেনা রুপালি চাঁদ বদলে নেয় কালচে লাল আভা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ধরা দেয় এই বিস্ময়কর দৃশ্য। ঢাকার অসংখ্য মানুষ ঘর থেকে বেরিয়ে চোখ মেলেন আকাশের দিকে, প্রত্যক্ষ করেন বিরল এই মহাজাগতিক নাটক।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিটে শুরু হয় গ্রহণ। রাত সাড়ে ১১টায় পূর্ণগ্রাস রূপে দেখা দেয় চাঁদ, আর কেন্দ্রীয় গ্রহণ ঘটে রাত ১২টা ১১ মিনিটে। প্রায় ৮২ মিনিট ধরে রক্তিম আভায় আবদ্ধ থাকে চাঁদ। রাত ১২টা ৫৩ মিনিট থেকে শুরু হয় নির্গমন পর্ব এবং ভোর ২টা ৫৬ মিনিটে গ্রহণ শেষ হয়ে ফেরে চাঁদের স্বাভাবিক রূপ।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে তোলা ছবিতে দেখা যায়, প্রথমে চাঁদের একাংশ ধীরে ধীরে ঢাকা পড়ছে। এরপর মধ্যরাতে হঠাৎ করেই তা রক্তাভ বর্ণ ধারণ করে। জ্যোতির্বিজ্ঞানীরা এই দৃশ্যকেই বলেন “ব্লাড মুন”।
ভারতের নানা জায়গা থেকেও দেখা যায় একই চিত্র। দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, রাতভর সাধারণ মানুষ আকাশে চোখ রেখেছেন শুধু এই এক ঝলক দেখার জন্য।