
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত।
এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিন ছুটি পাচ্ছে। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজায় থাকবে ঐচ্ছ্বিক ছুটি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো এ ছুটির আওতায় থাকবে। এ সময়ে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ধারণ করবে তাদের নিজ নিজ কর্তৃপক্ষ। সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো সিন্ডিকেট সভার মাধ্যমে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।