দেশে গত আট বছরে শিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক শ্রমশক্তি জরিপ–২০২৪–এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা ৮ লাখ ৮৫ হাজার। ২০১৭ সালে এই সংখ্যা ছিল প্রায় ৪ লাখ। অর্থাৎ আট বছরে শিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি তিনজন বেকারের একজন স্নাতক ডিগ্রিধারী। বিশেষ করে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারের হার সবচেয়ে বেশি। দুই বছরের বেশি সময় ধরে বেকার থাকা তরুণদের মধ্যে স্নাতক ডিগ্রিধারীর হার ১৭ শতাংশেরও বেশি, যা অন্য ডিগ্রিধারীদের তুলনায় অনেক বেশি।
অর্থনীতিবিদেরা বলছেন, দেশের সংস্কার আলোচনায় রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সংস্কারকে প্রাধান্য দেওয়া জরুরি। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জরিপে আরও বলা হয়েছে, দেশে প্রায় এক কোটি মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না। বিবিএসের সংজ্ঞা অনুযায়ী সপ্তাহে অন্তত এক ঘণ্টা কাজ করলে কর্মে নিয়োজিত ধরা হলেও, বাস্তবতায় এটিকে জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট নয়। ফলে দেশে ‘ছদ্ম বেকারত্ব’ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে।