
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে চলা আন্দোলনে কয়েকটি জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন। এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। তারা যদি আজকের মধ্যে অবরোধ তুলে না নেয়, আইনশৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নির্বাচন কমিশনের বিষয়। তারা যুক্তিতর্কের ভিত্তিতে সবকিছু শোনার পর এ সিদ্ধান্ত নিয়েছে। ওই এলাকার জনগণের যে অভিযোগ সেটা তারা যথাযথ চ্যানেলে আবেদন করতে পারে। কোনোভাবেই রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনও অবস্থায় বরদাশত করা হবে না।
বেশি বয়স্ক বন্দিদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে কারাবন্দীদের সাজা কমিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। এতে বয়স্করা গুরুত্ব পাবে। আর মেয়েদের ক্ষেত্রে ২০ বছর সাজা ভোগ করাদের মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে পুরুষদের ক্ষেত্রে সাজার মেয়াদ কত হলে মুক্তি হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।
দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, পূজা নিয়ে অনেক জায়গায় কমিটির মধ্যে সমস্যা রয়েছে। তবে তা যেন বা থাকে। এবার ভালোভাবে পূজা হবে।
তিনি আরও বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিলো। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন ছিলো না। জাতীয় নির্বাচনের যথেষ্ট সময় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে নিয়োগ, প্রশিক্ষণসহ নানা কার্যক্রম চলছে।