জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে এক যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর এবং এক কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, কর অঞ্চল-১৬ এ কর্মরত যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে তাকে অবসর দেওয়া প্রয়োজন বলে সরকার বিবেচনা করেছে। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
অন্যদিকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে গাজীপুরের কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন এবং তাকে গাজীপুর কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।