
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, অধ্যাপক ইউনূস খুব অল্প সময়ে অনেক কিছু অর্জন করেছেন। দেশের পরিস্থিতি যখন ঝুঁকির মুখে ছিল, তখন দায়িত্ব নিয়েছেন। তিনি সঠিক সময়ের সঠিক ব্যক্তি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে অধ্যাপক ইউনূসের সঙ্গে আলাপচারিতায় তিনি এ প্রশংসা করেন। আলোচনায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান চ্যালেঞ্জগুলো উঠে আসে।
আইএমএফ প্রধান বিশেষভাবে উল্লেখ করেন, বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের ফলে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরেছে এবং রিজার্ভ পুনরুদ্ধার হয়েছে। তিনি রাজস্ব আয় বাড়ানো এবং ব্যাংকিং খাতে গভীর সংস্কারের ওপরও জোর দেন। জর্জিয়েভা বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি এক অমূল্য সময়। শক্ত অবস্থানে থাকতে সংস্কার অনিবার্য।
অধ্যাপক ইউনূস আইএমএফ প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা একটি বিধ্বস্ত অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি বস্তায় টাকা ভরে ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে। তিনি জানান, ব্যাংকিং খাতের পুনর্গঠনসহ রাজস্ব আদায়ে নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে তিনি আগের কাজে ফিরে যাবেন।
এছাড়া আলোচনায় আঞ্চলিক ইস্যুগুলোও উঠে আসে। ভিডিও কলে অর্থ উপদেষ্টা ড. সেলাহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।