
বলিউড অভিনেত্রী সোনম সম্প্রতি প্রয়াত নায়িকা দিব্যা ভারতীর সঙ্গে কাটানো কিছু স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে তিনি এক পুরোনো ছবি শেয়ার করে লিখেছেন, দিব্যা ছিলেন ‘একবারই জন্মানো এক তারকা’।
সোনম জানান, ‘বিশ্বাত্মা’ ছবির শুটিংয়ে মুম্বাই ও আফ্রিকার বিভিন্ন লোকেশনে কাজ করার সময় দিব্যার সঙ্গে তার দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি লিখেছেন, “মহুরতের দিন আমরা দু’জন ভদ্র মেয়ে হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু এর পর থেকে সেটে শুধু দুষ্টুমি আর হাসি-আনন্দে সময় কেটেছে।”
সোনম আরও জানান, ফিল্মসিটিতে তারা একসঙ্গে একটি মেকআপ রুম শেয়ার করতেন। সেসময় কাছেই এক নতুন অভিনেতা তার প্রথম সিনেমার শুটিং করছিলেন। আজ তিনি বলিউডের এক শীর্ষ তারকা হলেও নাম প্রকাশ করতে চাননি সোনম।

দিব্যা ভারতী
তিনি লিখেছেন, “আমরা চুপিচুপি বাইরে গিয়ে তাকে দেখতাম, হঠাৎ মুখের ওপর হেসে ফেলতাম, তারপর দৌড়ে রুমে ঢুকে যেতাম। এভাবে প্রায় দশবার করেছি। এতটাই হাসতাম যে পেট ব্যথা হয়ে যেত আর চোখ দিয়ে পানি পড়ত।”
দিব্যা ভারতীর প্রসঙ্গে সোনম আবেগভরে বলেন, “এক জীবনে একবারই এমন তারকা জন্মায়, যিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকেন। দিব্যা ছিলেন, আছেন এবং থাকবেন এমনই এক উজ্জ্বল নক্ষত্র।”
তিনি আরও যোগ করেন, “আমি নিশ্চিত, যেখানেই থাকুন না কেন, দিব্যা আজও তারকা হয়ে সবচেয়ে উজ্জ্বল আলো ছড়াচ্ছেন। আমার এই পোস্ট হয়তো তার কোটি ভক্তকে আবারও খুশি করবে।”
সূত্র: ডিএনএ ইন্ডিয়া