বিমানের যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, বিমানের যান্ত্রিক ত্রুটি সরাসরি জনগণের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ ও সমাধানে করণীয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
উপদেষ্টা আরও বলেন, মানবসৃষ্ট সমস্যার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রি-ফ্লাইট ইন্সপেকশনে বাড়াতে হবে সতর্কতা। এ ছাড়া বিমানের প্রশাসন ও প্রকৌশল বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করার নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিমান ও সিভিল এভিয়েশন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সাফিকুর রহমান প্রমুখ।