
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত এক কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূজা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও দেশজুড়ে মণ্ডপগুলোতে প্রস্তুতির কাজ চলছে। এই সময়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, বুধবার পঞ্চগড়ে ঘটে যাওয়া একটি বিচ্ছিন্ন ঘটনার পরই মিথ্যা খবর ছড়ানো হয়েছে। এ ধরনের গুজবের বিপরীতে গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূজা উদযাপন কমিটিগুলোকেও সচেতন থাকার পরামর্শ দেন।
উপদেষ্টা আরও বলেন, দেশে বর্তমানে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। কোথাও কোথাও ছোটখাটো ঘটনা ঘটলেও প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। এ উদ্দেশ্যে দ্রুত আনসার সদস্যদের নিয়োগ দেওয়ার আশ্বাসও দেন তিনি।
র্যাবের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের আগে ও এখনকার র্যাবের কার্যক্রমে পার্থক্য স্পষ্ট। মাদক ও অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে তারা এখন প্রশংসনীয় ভূমিকা রাখছে।
অবসরপ্রাপ্ত সদস্যদের পুনরায় নিয়োগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, পূর্ববর্তী সরকারগুলোর সময়েও এ ধরনের নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানেও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।