
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে ২০ থেকে ৪২ শতাংশ পর্যন্ত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাতার হার কার্যকর করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে যাওয়া কর্মকর্তারা ও কর্মচারীরা এই ভাতা পাবেন।
এর মধ্যে ৯ গ্রেড বা তার উচ্চ গ্রেডের কর্মকর্তাদের কেন্দ্রে অবস্থান কালীন পুনর্নির্ধারিত ভাতা ৮০০ টাকা; যা আগে ছিল ৬০০ টাকা। একই গ্রেডে মাঠসংযুক্তকালীন নতুন ভাতা হবে ১ হাজার টাকা, যা আগে ছিল ৭০০ টাকা। অন্য দিকে ১০ম বা তার নিচে কর্মচারীদের ক্ষেত্রে যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা; আগে যা ছিল ৫০০ ও ৬০০ টাকা।
এর আগে গত আগস্টে অভ্যন্তরীণ বিষয়ভিত্তিক প্রশিক্ষণের বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতা বাড়িয়েছিল সরকার। তখন প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ করা হয় এবং প্রশিক্ষকদের ভাতা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
এছাড়া জুলাই থেকে সরকারি কর্মচারীদের মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা কার্যকর করা হয়েছে। এতে কর্মরত কর্মচারীদের ন্যূনতম বাড়তি সুবিধা দাঁড়িয়েছে ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা।