
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা
রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই সহায়তা ঘোষনা করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, এই সহায়তা রোহিঙ্গা মুসলিমসহ মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবিক সংকট মোকাবিলা ও সহায়তা কার্যক্রমে ব্যবহার করা হবে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এ জন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাব দেন তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘অর্থায়ন ক্রমেই কমে আসছে। এখন একমাত্র শান্তিপূর্ণ পথ হল তাদের প্রত্যাবাসন শুরু করা।’
জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের সহযোগিতা রোহিঙ্গাদের জীবিকা রক্ষা এবং সংকট মোকাবেলায় বড় ধরনের ভূমিকা রাখবে। তবে রোহিঙ্গাদের টেকসই সমাধানের জন্য নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনই একমাত্র কার্যকর উপায় বলে আন্তর্জাতিক মহল মত দিয়েছে।
বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় শিবিরে অবস্থান করছে। ক্রমবর্ধমান মানবিক চাহিদা মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।