
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রবাসে থাকা বাংলাদেশিরা বিশ্বের যে কোনো জায়গা থেকেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন।
সিইসি বলেন, প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা হচ্ছে। এটি গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে গণ্য হবে।
তিনি উল্লেখ করেন, প্রবাস থেকে ভোট দিতে হলে অবশ্যই ‘আউট অব কান্ট্রি ভোটিং’-এ রেজিস্ট্রেশন করতে হবে। এ উদ্দেশ্যে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামের মোবাইল অ্যাপ চালু করা হবে। ভোটাররা তাদের মোবাইল ফোনে এই অ্যাপ ডাউনলোড করে ধাপে ধাপে রেজিস্ট্রেশন এবং ভোট প্রদানের নির্দেশনা অনুসরণ করতে পারবেন।
রেজিস্ট্রেশনের সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট তথ্য এবং প্রবাসের ঠিকানা দিতে হবে। ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন প্রক্রিয়া সম্পন্ন হলে রেজিস্ট্রেশন চূড়ান্ত হবে এবং প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। ভোট প্রদানের পর খামটি পোস্ট অফিসে জমা দিলে তা যথাযথ ঠিকানায় পৌঁছে যাবে।
সিইসি আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিরা এই সুযোগ কাজে লাগাবেন। এছাড়া অ্যাপের নির্দেশনামূলক ভিডিও, বাংলাদেশি দূতাবাস এবং জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও সরকারি গণমাধ্যমে ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।