
নতুন আইন সচিব লিয়াকত আলী মোল্লা
বিচার বিভাগ থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা। তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
লিয়াকত আলী মোল্লা এর আগে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের আগস্টে তিনি আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দেন এবং পরে সচিবের চলতি দায়িত্ব পান। এখন থেকে তিনি পূর্ণাঙ্গ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।