
ড. শহিদুল আলম ।। ফাইল ছবি
গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমকে বর্তমানে দেশটির কারাগারে আটক রাখা হয়েছে। তুরস্কের সহায়তায় তাকে মুক্ত করার চেষ্টা করছে সরকার।
প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই (শুক্রবার) তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি।
ড. শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হবার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে তাকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন”-এর সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্স আটক করে ইসরায়েল। জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন মানবাধিকারকর্মী ছিলেন।