
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলতি বছরের ‘শরৎ উৎসব’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে অনুষ্ঠানটি বাতিল করা হয়নি বলে জানিয়েছেন অনুষদের ডিন আজহারুল ইসলাম। তিনি বলেন, “আগামীকাল একটি মিটিং করবো। এরপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।”
আজহারুল ইসলাম আরও জানান, “অনেকে ফোনে বলেছে, আমরা ফ্যাসিবাদের দোসরদের অনুষ্ঠান করার সুযোগ দিচ্ছি। অনেকের আপত্তির পরিপ্রেক্ষিতে এবং গণ্ডগোলের ইঙ্গিত পেয়ে আমরা অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”
শরৎ উৎসবের অন্যতম আয়োজক সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী বলেন, “আমাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে আপত্তি তোলা হয়েছে। অথচ আওয়ামী লীগের নাম-গন্ধে কোথাও কোনোদিন আমি ছিলাম না।”
১৯ বছর ধরে চারুকলায় এই শরৎ উৎসব উদ্যাপিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও শিল্পীগোষ্ঠীটি অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু শেষ মুহূর্তে সেটি স্থগিত হওয়ায় ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন মানজার চৌধুরী। তিনি বলেন, “এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রকৃতির বন্দনা করি। এখানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই। আমরা কোনো ভুঁইফোড় সংগঠনও নই।”
স্থগিত হওয়ার পর আয়োজকরা গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে ছোট পরিসরে অনুষ্ঠান করার চেষ্টা করলে পুলিশ সেটিও বন্ধ করে দেয়। মানজার চৌধুরী জানান, “পুলিশ এসে অনুষ্ঠানের জন্য পাতানো চেয়ারগুলো উঠিয়ে নিতে বলে। তারা জানায়, এখানে কোনো আয়োজন হবে না। বেলা ১১টার পর এ বিষয়ে কথা বলতে আসবেন।”
ডিন আজহারুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে অনেকের আপত্তি ও গণ্ডগোলের ইঙ্গিত পাওয়ার পর আমরা বাধ্য হয়েই অনুষ্ঠানটি স্থগিত করেছি। অনেক জায়গা থেকে ফোনে আপত্তি এসেছে। সংঘর্ষ এড়াতেই এই সিদ্ধান্ত।”