
লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম
চলে গেলেন লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
এর আগে শুক্রবার সকালে সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। যে কারণে তাঁকে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে আবারও লাইফসাপোর্টে নেওয়া হয়।
গত শুক্রবার (৩ অক্টোবর) গাড়িতে বসা অবস্থায় তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হন সৈয়দ মনজুরুল ইসলাম। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করে দুটি রিং স্থাপন করেন। অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসকরা।
নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় গত ৫ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে দুইদিন পর মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। সেসময় চিকিৎসকরা জানিয়েছিলেন অধ্যাপক মনজুরুল ইসলামের ফুসফুসের সংক্রমণ কিছুটা কমে এসেছে, তবে তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন।
সর্বশেষ আজ শুক্রবার সকালে তার শারীরিক পরিস্থিতির আবারও অবনতি হলে তাঁকে পুনরায় লাইফ সাপোর্টে নেয়া হয়। কিন্তু এ দফায় আর ফিরলেন না তিনি।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম দেশের অন্যতম শীর্ষ লেখক, প্রাবন্ধিক ও অনুবাদক হিসেবে দীর্ঘদিন ধরে সাহিত্য অঙ্গনে কাজ করছেন।