
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ আরও জানান, আজ শনিবার ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
এদিকে কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩১ ইউনিট। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা রয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লাগার ঘটনা ঘটে। দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় চারটি ইউনিট। একে একে ঘটনাস্থলে ৩১টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস।
ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। এখন আগুন দাউ দাউ করে চলছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালাচ্ছে।
এদিকে বিকেলে আইএসপিআরের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। অন্যদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।