
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে প্রথম একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন পায় বিএনপি। সম্প্রতি আরও একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতিও দিয়েছে কর্তৃপক্ষ। গাড়িগুলো জাপান থেকে আনার বিষয়ে আলোচনাও চলছে বলে জানা গেছে।
বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানান, আসন্ন জাতীয় নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে প্রচার চালাবেন এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন। এই সময় তাদের নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত জুনে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত খালেদা জিয়া ও তার পরিবারের ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমোদন চান। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ বাস কেনার প্রস্তাবও করা হয়।
এ ছাড়া দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের আবেদন করা হয়েছে, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়া ও তারেক রহমান সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিতে থাকতে পারেন। রাজনৈতিক প্রতিপক্ষ বা সন্ত্রাসী হামলার আশঙ্কা বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ি কেনায় অনাপত্তি জানানো হয়েছে।