
ফাইল ছবি
জনস্বার্থে দুই সিনিয়র সচিব ও সাতজন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো নয়জন সচিবই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) ছিলেন।
অবসরপ্রাপ্ত সচিবরা হচ্ছেন- সিনিয়র সচিব মো. মনজুর হোসেন, সিনিয়র সচিব মো. মশিউর রহমান, সচিব মো. সামসুল আরেফিন, সচিব মো. মিজানুর রহমান, সচিব মো. আজিজুর রহমান, সচিব মো. নূরুল আলম, সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, সিচব ড. এ কে এম মতিউর রহমান এবং সচিব শফিউল আজিম।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।