
জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের এক কঠিন সময়ে উপদেষ্টারা যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসসচিব বলেন, “গত ১৫ মাসে উপদেষ্টারা প্রশংসনীয় সেবা দিয়েছেন। দেশের ক্রান্তিকালে তারা হাল ধরেছিলেন। তারা যে দায়িত্ব পালন করেছেন, এটা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
দেশের বর্তমান অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা একদম সফলতার কাছাকাছি এসে পৌঁছেছি। পুরনো বাংলাদেশের যে ঘাটের চিত্র, আমরা সেই ঘাটের কাছাকাছি। আমরা ঘাটটা দেখতে পাচ্ছি। অনেক মেঘ ছিল, এখন সেগুলো সরে গেছে। শরতের শুভ্র আকাশের মতোই এখন পরিস্থিতি পরিষ্কার। আমরা আশা করছি, একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “আমাদের ম্যান্ডেট ছিল সংস্কার করা, জুলাই-আগস্টসহ শেখ হাসিনার সময়ের গুম-খুনের বিচার করা এবং একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। এর মধ্যে দুইটি কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি।”
রাজনৈতিক ঐকমত্য প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আশা করি, নির্বাচনের কাজগুলো দ্রুতই সম্পন্ন হবে এবং জাতিকে আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব।”