
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দিয়ে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এর আগে ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সিভিল এভিয়েশন রুলস ১৯৮৪-এর সাব রুল ১৬ অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করা হলো। জনস্বার্থে জারি করা ওই আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা ছিল।
প্রজ্ঞাপন জারির পর থেকেই দেশি ও বিদেশি কয়েকটি এয়ারলাইন কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রাথমিক যোগাযোগ শুরু করেছিল। তবে নতুন সিদ্ধান্তে এ প্রক্রিয়া আপাতত থেমে গেল।
সরকারি সূত্রে জানা গেছে, অবকাঠামোগত প্রস্তুতি ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার কিছু বিষয় পর্যালোচনার পর বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।