
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, গত ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল। ছয় দিন পেরোলেও তা না হওয়ায় কারণ জানতে চাইলে আখতার আহমেদ বলেন, “ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেগুলোও করা হয়েছে। কাল (সোমবার) সকালে ব্রিফ করে দেবো।”
গতবারের চেয়ে এবার ভোটকেন্দ্র বাড়ছে। খসড়া তালিকায় ছিল ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র। চূড়ান্ত হওয়ার পর মোট কেন্দ্রের সংখ্যা কত দাঁড়াবে, তা সোমবারই জানা যাবে।
২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬০ হাজার ৮৫৮টি। ইসি সচিব গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র হবে।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “দল নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায় থেকে কিছু অতিরিক্ত তথ্য এসেছে। তা পর্যালোচনা চলছে। এ সপ্তাহের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করবো।”
জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, “প্রতীকের বিষয়টি আমরা পরে জানাবো।”
রোডম্যাপের অগ্রগতি নিয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “সবকিছু শতভাগ করা সম্ভব নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, কিছু বিষয় আগেই সম্পন্ন করেছি, কিছু বিষয়ে অপেক্ষা করতে হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।”