
আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর এই মন্তব্যে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গত বুধবার যমুনায় নির্বাচন প্রস্তুতি-সংক্রান্ত উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় তিনি বলেন, ভিতর-বাহির থেকে বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। বাধা যাই আসুক তা মোকাবিলা করতে হবে। তবে কারা এ চেষ্টা করবে সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত দেননি।
বিশিষ্টজনদের মতে, জনগণের মাঝে উদ্বেগ না বাড়িয়ে সরকারকে আশ্বস্ত করার ভূমিকা পালন করা উচিত। তাদের দাবি, এ ধরনের শঙ্কা জনসমক্ষে তুলে ধরলে ভীতি সৃষ্টি হতে পারে এবং আস্থার সংকট দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা আরও বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা দ্রুত দূর করে নির্বাচনমুখী পরিস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।
অন্যদিকে, রাজনৈতিক নেতারা বলছেন, যদি সত্যিই কোনো চক্রান্ত থাকে, তা মোকাবিলায় সরকারকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার বার্তা দিলে ভোটাররা আরও আতঙ্কিত হতে পারেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণকে এখন নিরাপত্তা ও বিশ্বাস দেওয়াই সরকারের দায়িত্ব।
বিএনপি ও বাম দলের নেতারাও মনে করেন, প্রধান উপদেষ্টার মন্তব্যে মানুষের মাঝে ভুল বার্তা যাবে এবং অশুভ শক্তি নিয়ে ভয় দেখানো হলে জনগণের মধ্যে উদ্বেগ আরও বাড়বে। তারা আশা করেন, নির্বাচনের স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করে সরকার জাতিকে আশ্বস্ত করবে।