
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটিকে পিছিয়ে দেওয়ার মতো কোনো শক্তি নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, “যে কোনো সিদ্ধান্ত নেওয়া হোক, নির্বাচন সময়মতোই হবে।”
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত প্রকাশ করছে। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।”
তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার পরবর্তী দিনের বিষয়ে আগামী ১৩ নভেম্বর আদালত জানাবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল।