
রাজনৈতিক দলগুলোকে ‘আমার লোক, তোমার লোক’ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, শুধু বিএনপি–জামায়াত নয়, এনসিপি ও উদীয়মান দলগুলোও এই ব্যাধির বাইরে নয়। এ সংস্কৃতি থেকে মুক্ত না হলে বড় দল হওয়াও তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
শনিবার সকালে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে যৌথভাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটির আয়োজন করে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
আইন উপদেষ্টা জানান, গত ছয় মাসে পুলিশ কর্মকর্তাদের বদলি ইস্যুতে জুলাই অভ্যুত্থানে জড়িত দুই বড় দলের শীর্ষ নেতারা ফোন করে অসন্তোষ প্রকাশ করেছেন। “এক দল বলেছে ওনাকে সরাতে, আরেক দল বলেছে কেন সরানো হলো। এ ধরণের লোকভিত্তিক চিন্তা আমাদের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে,” বলেন তিনি।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন- টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, পুলিশের আইজিপি বাহারুল আলম, সাবেক আইজিপি নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী, মানবাধিকার কর্মী নূর খান।
এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের। পুলিশের অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করীমও বৈঠকে অংশ নেন।