
আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরই এবারের একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলার সময় নির্ধারণ নিয়ে সমিতির প্রস্তাব আলোচনা করা হয়েছে। তারা কয়েকটি সম্ভাব্য সময় তুলে ধরেন। নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থার পরামর্শ পর্যালোচনার পর জাতীয় নির্বাচন শেষে ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজন- এ প্রস্তাবটিকে বাস্তবসম্মত বিবেচনা করে অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের তারিখ চূড়ান্ত হলে বইমেলার সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হবে। পাশাপাশি মেলা আয়োজনে সরকারের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় করছে বাংলা একাডেমি।
এ ছাড়া অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।