
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তবে তার প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ছাড়পত্র না পাওয়ায় সিঙ্গাপুরে জানাজা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে হাইকমিশন দুঃখ প্রকাশ করে সিঙ্গাপুর প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানায়।
এর আগে ইনকিলাব মঞ্চ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। তবে পরবর্তীতে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়।