
আজ শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ, বিডিআর ও অন্যান্য বাহিনীর পাশাপাশি নামাজে জানাজায় ৮৭০ জন আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন।
ওসমান হাদির জানাজার নিরাপত্তায় তিন শ্রেণির আনসার বাহিনী থাকবে বলে জানা গেছে। এর মধ্যে ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও টিডিপি স্বেচ্ছাসেবক। এই তিন শ্রেণির ৮৭০ জন আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন। এর বাইরে পরিচালক থাকবেন ৪ জন, ডেপুটি পরিচালক থাকবেন ৭ জন এবং উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা থাকবেন ১২ জন।
আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালচক মো. আইয়ুব আলী বলেন, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমাদের ব্যাটালিয়ন আনসার থাকবে ২৭০ জন, অঙ্গীতভূত আনসার থাকবে ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবক থাকবে ২০০ জন।
তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো সংসদ ভবনের পূর্ব পাশের মাঠকে সিকিউরড করে রাখা। যাতে অনাকাঙ্ক্ষিতভাবে কোনও ঘটনা না ঘটে এবং জনসাধারণ দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে না পারে।