
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনা চান না বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতায় থাকুক। তার দাবি, শেখ হাসিনা দেশ ছেড়ে আত্মীয়-স্বজনসহ পালিয়ে গেলেও প্রশাসন, পুলিশ ও সরকারি দপ্তরগুলোতে তার দোসররা রয়ে গেছে এবং তারা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
রবিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা গ্রামে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়ি পরিদর্শন শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এসময় আগুনে নিহত শিশু আয়েশা আক্তারের কবর জিয়ারত করেন তিনি ও দলের নেতাকর্মীরা। এছাড়া ঢাকা মেডিক্যালে দগ্ধ স্মৃতি আক্তার ও লক্ষ্মীপুর হাসপাতালে বেলাল হোসেনকে দেখতে যান রিজভী।
তিনি আরও বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে অস্থিতিশীল দেখানোর উদ্দেশ্যে চক্রান্ত চলছে। লুটপাট, টাকা পাচার ও সম্পদ দখল ঠেকিয়ে দেওয়ায় সরকারপক্ষ ক্ষুব্ধ হয়ে সহিংসতার মাধ্যমে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। রিজভীর অভিযোগ, শেখ হাসিনার আমলে লক্ষ্মীপুর দীর্ঘদিন ধরে ভয়ের জনপদে পরিণত হয়েছিল।
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ স্থানীয় দলের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে বিএনপি নেতা বেলালের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তার মেয়ে আয়েশার মৃত্যু হয় এবং বেলাল, স্মৃতি ও সামিয়া দগ্ধ হন।