
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ সামনে রেখে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আনুষ্ঠানিকভাবে লিখিত অনুমতি পেয়েছে দলটি। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত অনুমতিপত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়।
শায়রুল কবির আরও জানান, কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন সরাসরি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন। পরে তা গ্রহণ করেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাত্তার পাটোয়ারী।
তারেক রহমানের দেশে ফেরা ঘিরে ইতোমধ্যে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ জোরদার হয়েছে বলে জানায় বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠান কোথায় এবং কী পরিসরে অনুষ্ঠিত হবে—তা চূড়ান্ত করে শিগগিরই জানানো হবে।