
ফাইল ছবি
গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি আগ্রাসন চলমান। এই দীর্ঘ যুদ্ধের ফলে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের চালানো গণহত্যায় এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ৯৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৭১ হাজার ১৯২ জন আহত হয়েছেন।
সোমবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও অন্তত ৪০৫ জন নিহত হয়েছেন এবং একই সময়ে ১ হাজার ১১৫ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের কারণে আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে, ফলে মৃত্যুসংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে সংযুক্ত পূর্ব জেরুজালেমে ‘অননুমোদিত নির্মাণ’ বলে বর্ণনা করা স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলি কর্মকর্তারা অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে ইসরায়েলি বুলডোজার সোমবার ভোরে পূর্ব জেরুজালেমে একটি চারতলা ভবন গুঁড়িয়ে দেয়। মধ্যরাতে কর্তৃপক্ষ দরজা ভেঙে দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর পর ভবনটিতে বসবাসকারী বহু ফিলিস্তিনি পরিবার কোথায় যাবে—তা নিয়ে অনিশ্চয়তায় পড়ে।
স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তারা এ অভিযানকে বাসিন্দাদের উৎখাতের একটি ‘পদ্ধতিগত নীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন। ভবনের বাসিন্দা ঈদ শাওয়ার বলেন, ‘এই ভাঙচুর সব বাসিন্দার জন্যই এক ভয়াবহ ট্র্যাজেডি।’
পাঁচ সন্তানের বাবা শাওয়ার বলেন, ‘আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন তারা দরজা ভেঙে ঢুকেছে। আমাদের শুধু জামাকাপড় ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার অনুমতি দিয়েছে। অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকায় আমাদের সাত সদস্যের পরিবার গাড়িতেই রাত কাটাচ্ছে।’