
এ নিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২৮ জনকে আটক করা হলো
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২৮ জনকে আটক করা হলো।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, দেশের শীর্ষস্থানীয় দুটি দৈনিকের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সোমবার পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন লুটপাট এবং চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বাকি দুজনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ। সর্বশেষ অভিযানে আরও নয়জনকে আটক করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ দল প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালায়। দীর্ঘ সময় ধরে তারা ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। হামলার সময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িতেও বাধা দেওয়া হয়।
এ ঘটনায় গত রোববার রাতে প্রথম আলো কর্তৃপক্ষ তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সুরক্ষা অধ্যাদেশসহ দণ্ডবিধির একাধিক ধারা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে সোমবার রাতে মামলা করে ডেইলি স্টার কর্তৃপক্ষ। তাদের মামলায় ৩৫০-৪০০ জনকে আসামী করা হয়।