
ডেপুটি হাইকমিশনের প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে তিন স্তরের ব্যারিকেড বসানো হয় ।। ছবি: বিবিসি বাংলা
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। বাংলাদেশে সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শুরু হওয়া ওই সমাবেশে অংশ নেওয়া সংগঠনগুলোর দাবি ছিল, বাংলাদেশের ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা এবং পরে তার মরদেহে আগুন দেওয়ার ঘটনার বিচার নিশ্চিত করা।
বিক্ষোভ চলাকালে কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা নেয়।
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ডেপুটি হাইকমিশনের প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে তিন স্তরের ব্যারিকেড বসানো হয়। তবে সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয় এবং একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে।
পরবর্তীতে তারা দ্বিতীয় ব্যারিকেডের কাছাকাছি পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীদের ডেপুটি হাইকমিশন কার্যালয় থেকে অন্তত ১০০ মিটার দূরে আটকে দেওয়া হয়।