
ফাইল ছবি
লন্ডন থেকে ভারতের হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এ ঘটনার পর বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হায়দ্রাবাদ বিমানবন্দর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
সূত্র জানায়, সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে হায়দ্রাবাদের উদ্দেশে যাত্রা করা ব্রিটিশ এয়ারওয়েজের বিএ২৭৭ ফ্লাইটকে লক্ষ্য করে একটি ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমার সাপোর্ট বিভাগ ওই হুমকিসংবলিত ই-মেইলটি পেয়েছিলো।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করার পরপরই নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী প্লেনটি আলাদা স্থানে রাখা হয়। যাত্রী ও তাদের লাগেজে তল্লাশি চালানো হয়। পাশাপাশি অগ্নিনির্বাপণ ইঞ্জিন প্রস্তুত রাখা হয় এবং স্নিফার ডগ ব্যবহার করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
সব ধরনের নিরাপত্তা পরীক্ষা শেষে কোনো সন্দেহজনক কিছু না পাওয়ায় প্লেনটি পুনরায় লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় বলে জানায় কর্তৃপক্ষ।
এর আগে চলতি মাসেই রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর মদিনা-হায়দ্রাবাদ ও শারজাহ-হায়দ্রাবাদ রুটের ফ্লাইটকে লক্ষ্য করে একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাওয়া যায়। সে সময় মদিনা-হায়দ্রাবাদগামী একটি ফ্লাইটকে নিরাপত্তার স্বার্থে আহমেদাবাদ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।