
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি প্রার্থী না দেওয়ার গুঞ্জন শেষ পর্যন্ত সত্য হলো। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জোনায়েদ আল হাবিবের জন্য এ আসনসহ মোট চারটি আসন ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করা বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। যোগাযোগ করা হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সিদ্ধান্ত নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান ঠাকুর বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই তারা কাজ করবেন। সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারও একই অবস্থান জানান।
তবে রুমিন ফারহানার সমর্থক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আফজল হোসেন বলেন, এই সিদ্ধান্ত দল ও এলাকার জন্য আত্মঘাতী হতে পারে। তাঁর মতে, রুমিন ফারহানা এলাকায় জনপ্রিয় ও পরিচিত মুখ, বিএনপি প্রার্থী দিলে উন্নয়নের সুযোগ তৈরি হতো। তিনি জানান, বুধবার সরাইল থেকে রুমিন ফারহানা মনোনয়নপত্র উত্তোলন করবেন।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সিও জানান, রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বুধবার মনোনয়নপত্র কিনবেন।
এ ছাড়া এ আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এম এম তরুণ দে-ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও নেতাকর্মীদের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।