
ক্যারিয়ারের শুরু থেকেই নানা দাতব্য কর্মকাণ্ডে সক্রিয় বিশ্বসংগীতের জনপ্রিয় গায়িকা টেইলর সুইফট। হাসপাতাল, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভক্তদের ব্যক্তিগত সংকটে পাশে দাঁড়ানোর নজির রয়েছে তার। এবার যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল ফিডিং আমেরিকার ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্টে এই অনুদানের তথ্য জানানো হয়। ছুটির মৌসুম সামনে রেখে দেওয়া এই বড় অঙ্কের সহায়তার মাধ্যমে আবারও মানবিক কর্মকাণ্ডে নিজের ভূমিকা জোরালো করলেন টেইলর সুইফট।
ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো এক পোস্টে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই ছুটির মৌসুমে টেইলর সুইফটের অব্যাহত সমর্থন আমাদের মনে করিয়ে দেয়- একসঙ্গে কাজ করলে ক্ষুধা দূর করতে কত কিছু সম্ভব। এই অনুদান অসংখ্য পরিবারের টেবিলে খাবার পৌঁছাতে সহায়তা করবে।’
এর আগেও ফিডিং আমেরিকাকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন টেইলর সুইফট। ২০২৪ সালের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি ৫০ লাখ ডলার দেন। এছাড়া ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ১০ লাখ ডলার এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত এক নারীর পরিবারের জন্য ১ লাখ ডলার সহায়তা দেন তিনি।
এদিকে সাম্প্রতিক সময়ে টেইলর সুইফটের ভক্তরা- ‘সুইফটিজ’ -ফিডিং আমেরিকার জন্য তহবিল সংগ্রহে সক্রিয় হয়েছেন। যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচি এসএনএপি -এর সম্ভাব্য বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কার মধ্যেই তারা খাদ্যব্যাংক ও ক্ষুধার্তদের সহায়তায় এগিয়ে আসেন। গত অক্টোবরে ‘সুইফটিজ ফর হোপ’ উদ্যোগের মাধ্যমে ভক্তদের অনুদানে উৎসাহিত করা হয়।
দাতব্য উদ্যোগের আলোচনার মধ্যেই টেইলর সুইফট সম্প্রতি তাঁর বহুল আলোচিত ‘দ্য ইরাস ট্যুর’ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য এন্ড অব অ্যান এরা’র শেষ দুটি পর্ব মুক্তি দিয়েছেন। তথ্যচিত্রটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে দেখা যাচ্ছে।
সূত্র: ভ্যারাইটি