
হঠাৎ করে চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে জানা গেছে, এই খবর সম্পূর্ণ গুজব।
বুধবার সন্ধ্যায় রিয়াজের পরিবারের সদস্যরা জানান, অভিনেতা জীবিত আছেন এবং সুস্থ রয়েছেন। রিয়াজের স্ত্রী বলেন, ‘এ ধরনের খবর একেবারেই সত্য নয়। তিনি যেখানে আছেন, ভালো আছেন।’
গত বছরের আগস্টে ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ। দীর্ঘদিন ধরে তার প্রকাশ্য উপস্থিতি নেই এবং চলচ্চিত্র অঙ্গনের কারও সঙ্গেও যোগাযোগ হয়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ থাকায় সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি, যা মৃত্যুর গুজব ছড়াতে ভূমিকা রাখে।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে রিয়াজের। টানা দুই দশকের বেশি সময় তিনি দেশের জনপ্রিয় ও সফল নায়কদের একজন হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ২০২২ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র অপারেশন সুন্দরবন। এরপর থেকে নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি।