
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি লন্ডন থেকে ঢাকার উদ্দেশে বাংলাদেশ সময় রাত সোয়া বারোটায় যাত্রা করার কথা রয়েছে
হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় দেড় যুগ পরে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দলটির নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে তুমুল উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে স্মরণকালের বড় জমায়েত করতে যাচ্ছে বিএনপি।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও দেশে ফিরছেন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG-202-এ করে দেশে ফিরছেন। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি লন্ডন থেকে ঢাকার উদ্দেশে বাংলাদেশ সময় রাত সোয়া বারোটায় যাত্রা করার কথা রয়েছে।
বিমান বাংলাদেশ ও বিএনপির দলীয় সূত্র অনুযায়ী, ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর আগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি নেবে। সেখান থেকে পুনরায় যাত্রা শেষে বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এদিকে, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটির গতিপথ জানতে আগ্রহীদের জন্য রয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর সুবিধা। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সাইট Flightradar24-এ ‘BG202’ অথবা ‘Biman 202’ লিখে সার্চ করলে উড়োজাহাজটির বর্তমান অবস্থান, গতি ও উচ্চতা রিয়েল-টাইমে দেখা যাবে। একই তথ্য নিয়মিত হালনাগাদ করছে FlightAware ও FlightStats-এর মতো অন্যান্য ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মও। এভিয়েশন ডাটাবেজ ও রাডার সিগন্যালের মাধ্যমে এসব সাইট বিশ্বের যেকোনো স্থান থেকে ফ্লাইটটির অবস্থান সরাসরি পর্যবেক্ষণের সুযোগ দিচ্ছে।