
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর, ৩০০ ফিট এবং গুলশানসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যা থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি জানিয়েছে, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। বিমানবন্দরের নিয়মিত আনসার সদস্যদের পাশাপাশি বিশেষ ব্যাটালিয়ন আনসার সদস্যদেরও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ডিউটিতে রাখা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দরের ভিআইপি গেট ও ৮ নম্বর গেট সংলগ্ন এলাকাগুলোতে যৌথ বাহিনীর কড়া নজরদারি রয়েছে। এই এলাকাগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে সাধারণ যাত্রীদের সুবিধার্থে টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এলাকায় চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার যাতায়াতের জন্য ইতিমধ্যে একটি বিশেষ বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছে এবং পুরো গাড়িবহরকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় প্রস্তুত রাখা হয়েছে।
তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করার কথা। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে সকাল ১১টা ৪৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর সূচি রয়েছে। তার এই আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি সম্ভাব্য জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা রাজপথে সক্রিয় অবস্থানে রয়েছেন।