
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিস্মরণীয় মুহূর্তের সূচনা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারেক রহমানকে একনজর দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর ভাষায়, বাংলাদেশের গত ৫৫ বছরের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে, যা দেশবাসীসহ সারা বিশ্ব প্রত্যক্ষ করবে। ভবিষ্যতের জন্য এই মুহূর্তকে ঐতিহাসিক হিসেবে স্মরণ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ১৬–১৭ বছর ধরে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ধারাবাহিক আন্দোলন চালিয়ে গেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলনের একটি পরিণতি এসেছে এবং স্বৈরাচারের পতনের মাধ্যমে গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে।
মগবাজারে বোমা হামলার প্রসঙ্গে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা দেশ-বিদেশে এখনও সক্রিয় রয়েছে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্বাচন বানচালের অপচেষ্টা চালানো হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এমন যেকোনো সন্ত্রাসী ও অগণতান্ত্রিক কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।
এ সময় তিনি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।